ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরমাধ্যমে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়। আজ সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হয় ভোটগণনা। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি নিজেও হেরে গেছেন। তিনি ভবানিপুর আসন থেকে নির্বাচন করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একটি দলের প্রয়োজন ছিল ১৪৮টি আসন। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১৫৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি। আর তারা সবমিলিয়ে ২০৮টি আসনে এগিয়ে আছে।