আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, ভারতীয় গরুসহ যে কোন ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম বিজিরির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে ভারতীয় গরুসহ সকল চোরাচালান ঠেকাতে বিজিবির রয়েছে কঠোর নজরদারি।
তিনি আরো জানান, বিগত এক মাস যাবৎ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার ফলে বিজিবি টহল কর্তৃক ১,৭১,৫৬,৬৪৯/- (এক কোটি একাত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শত ঊনপঞ্চাশ) টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ ০৫ (পাঁচ) জন আসামিকে আটক করা হয়েছে।