নেত্রকোণার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় আটপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আটপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব নূর ফরিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন,শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সান্জু, সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, ওষুধ বিতরণ এবং ফলজ গাছের চারা রোপণ করেন।