নেত্রকোণা পৌরসভার মোক্তারপাড়ায় চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় বিধিমালা অনুসরণ না করায় দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণার যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭(২) অনুযায়ী নিউ সুরক্ষা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোণার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের জন্য মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোণা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।