আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও জনসমর্থন আদায়ের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আটপাড়াবাসীর সেবা করতে চান তিনি।
দলীয় সূত্র ও তাঁর সমর্থকদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবেন। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনে জয়লাভের বিষয়টি এখনো ভবিষ্যতের ওপর নির্ভর করছে।
রাজনৈতিক জীবনে আনোয়ারুল হক দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। তাঁদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি বিভিন্ন সময় নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন তিনি।
এ ছাড়া উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, জনসেবা এবং নাগরিকদের সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থিতার বিষয়ে আনোয়ারুল হক বলেন, “তিনি আটপাড়া উপজেলার মানুষের পাশে থেকে কাজ করতে চান। মানুষের সুখ-দুঃখের সাথী হতে চান এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবেন। দল উনাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে আটপাড়া উপজেলাকে একটি উন্নত, জনবান্ধব ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি। এ জন্য তিনি উপজেলাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন”। তিনি আরো বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আটপাড়ায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা বাড়ছে। শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া পর্যন্ত।